চকরিয়ায় হত্যায় অভিযুক্তদের ধরতে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের চকরিয়ায় সালিস বৈঠকে সবার সামনে কুপিয়ে ও ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন চকরিয়া থানা–পুলিশের পাঁচ সদস্য।

আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও  তিনজন কনস্টেবল রয়েছেন। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল রোববার রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী গ্রামে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার সকালে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মামলার বাদী ও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বলেন, গত রোববার উপজেলার বদরখালী ইউনিয়নে সালিস বৈঠকে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক মো. জাহাঙ্গীরসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মাঈন উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত মোহাম্মদ সাগর (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর হামলাকারীদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদ সাগর বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী গ্রামের মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি বলেন, গ্রেপ্তার মোহাম্মদ সাগরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে জয়নাল আবেদীন হত্যার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে মামলা হবে।