এবার ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চকরিয়া থানায় মামলাটি করেন নির্যাতিতদের একজন পারভীন আকতার। মামলার আসামিরা হলেন হারবাং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলাম (৪৫), নজরুল ইসলাম (২৭), জসিম উদ্দিন (৩২) ও মো. নাছির (২৮)।

চুরির অভিযোগ তুলে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মা–মেয়েকে রশিতে বেঁধে মারধর করা হয়।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু চুরির অপবাদে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় এবার পাল্টা মামলা করলেন নির্যাতনের শিকার একজন নারী। ঘটনা কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পহরচাঁদা গ্রামের। মামলা রুজু হয়েছে হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলামসহ (৪৫) চারজনের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চকরিয়া থানায় মামলাটি করেন নির্যাতনের শিকার পারভীন আকতার (৪০)। মামলার অন্য আসামিরা হলেন নজরুল ইসলাম (২৭), জসিম উদ্দিন (৩২) ও মো. নাছির (২৮)। নজরুল গরু চুরিসংক্রান্ত মামলার বাদী মাহবুবুল হকের ছেলে আর জসিম ও নাছির গরু চুরির অভিযোগে করা মামলাটির সাক্ষী।

গত রোববার দিবাগত রাতে নজরুল, জসিম ও নাছির পুলিশের হাতে গ্রেপ্তার হন। গতকাল সোমবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া মামলাটিতে ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ জানায়, দুই নারীকে কোমরে রশি বেঁধে নির্যাতন করার ভিডিওচিত্র ও ছবি দেখে নজরুল ইসলাম, জসিম উদ্দিন ও নাছির উদ্দিনকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরের দিন গতকাল ৫৪ ধারায় তাঁদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় থানায় হাজির হয়ে নির্যাতনের শিকার পারভীন আকতার হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম ও আগে থেকে জেলে থাকা তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন।

অটোরিকশা থেকে নামিয়ে মা-মেয়েসহ পাঁচজনকে গরু চোর সাজিয়ে মারধর করা হয় এবং মুঠোফোন, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁদের কোমরে রশি বেঁধে কয়েকটি গ্রাম ঘুরিয়ে হারবাং ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। সেখানে চেয়ারম্যান মিরানুল ইসলাম কাঠের চেয়ার ও বড় লাঠি দিয়ে তাঁদের ব্যাপক নির্যাতন করেন।

মামলায় দাবি করা হয়, গত শুক্রবার পারভীন আকতার তাঁর ছেলে, দুই মেয়ে ও ছেলের এক বন্ধুকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ছোট মেয়ে বেবি আকতারের শ্বশুরবাড়ি চকরিয়ার ডুলাহাজারা এলাকার পূর্ব হায়দারনাশি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে হারবাং লাল ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে তাঁদের ধাওয়া দেওয়া হয়। অটোরিকশাটির চালক ভয়ে অটোরিকশাটি আরেকটি সড়কে ঢুকিয়ে দিলে পহরচাঁদা এলাকায় নির্মাণাধীন রেললাইনের গর্তে অটোরিকশাটি আটকে যায়। এ সময় অটোরিকশা থেকে নামিয়ে তাঁদের গরু চোর সাজিয়ে মারধর করা হয় এবং মুঠোফোন, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁদের কোমরে রশি বেঁধে কয়েকটি গ্রাম ঘুরিয়ে হারবাং ইউপিতে নেওয়া হয়। সেখানে চেয়ারম্যান মিরানুল ইসলাম কাঠের চেয়ার ও বড় লাঠি দিয়ে পাঁচজনকেই ব্যাপক নির্যাতন করেন। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর গরু চুরির মিথ্যা অভিযোগে মামলা করে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গরু চুরির অভিযোগে হওয়া মামলায় গতকাল তিন নারীকে জামিন দেন আদালত। এরপর কারাগার থেকে মুক্ত হয়ে পারভীন আকতার বাদী হয়ে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।

‘মামলার আসামিদের মধ্যে মিরানুল (হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি) ছাড়া অন্যরা জেলহাজতে রয়েছেন। এখন মিরানুলকে ধরার চেষ্টা চলছে।’
মো. হাবিবুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নির্যাতনের শিকার পারভীন আকতার বাদী হয়ে চকরিয়া থানায় চেয়ারম্যান মিরানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে মিরানুল ছাড়া অন্যরা জেলহাজতে রয়েছেন। এখন মিরানুলকে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন