চকরিয়ায় মাইক্রোবাসের চাপায় নিহত ১
পবিত্র ঈদুল আজহার নামাজের আগে তেল-পেঁয়াজ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বশির আহমদ (৫০)। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় নিহত হন তিনি।
আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চবিদ্যালয়ের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বশির আহমদ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ ভোরে তেল-পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে খুটাখালী বাজারে গিয়েছিলেন বশির আহমদ। জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে ওই উচ্চবিদ্যালয়ের সামনে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বশির। স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে। মাইক্রোবাসটি নিয়ে এর চালক পালিয়ে গেছেন।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অলি আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার থেকে গিয়ে গোসল সেরে মসজিদে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার কথা বশিরের। কিন্তু পথের মধ্যে তাঁর জীবনটিই কেড়ে নিল দ্রুতগামী মাইক্রোবাস। তাঁর লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।