চকরিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে আজ সোমবার ভোর রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে নিহত একজনের পরিচয় শনাক্ত হলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

র‍্যাবের দাবি, নিহত দুজন ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি গুলি, চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‍্যাবের একটি দল ভোর রাতে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুজনকে পড়ে থাকতে দেখে র‍্যাব। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি প্রথম আলোকে বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন চকরিয়ার মালুমঘাট এলাকার মৃত নারায়ণ দাশের ছেলে বাবুল দাশ (৪০)। অপরজনের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।