চকলেট কিনে বাড়ি ফেরা হলো না শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় চকলেট কিনতে বাড়ির পাশের বাজারে গিয়ে ভটভটির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে চকলেট নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তেঁতুলিয়া-আড়ানি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম হাবিবা খাতুন (৭)। সে উপজেলার বাউসা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মুনসুর আলী মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার সময় শিশুটি ভটভটির ধাক্কায় চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনার পর তেঁতুলিয়া বাজার এলাকার লোকজন ভটভটির চালক হাবিবকে আটক করেন। ঘটনাস্থল থেকে গাড়িসহ চালককে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করবে না বলে লিখিতভাবে জানিয়েছে।