চটকদার বিজ্ঞাপনে অনুমোদনহীন ওষুধ বিক্রি, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জব্দ করা অনুমোদনহীন ওষুধ। রোববার বিকেলে।
প্রথম আলো

‘ওষুধ খেলেই টাক মাথায় চুল গজাবে.../দাম্পত্যজীবন সুখের ওষুধ...।’ এ রকম চটকদার বিজ্ঞাপন সাঁটিয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রি চলছিল সিলেট নগরীর ব্যস্ততম এলাকা দক্ষিণ সুরমায়। ওষুধ প্রশাসন অধিদপ্তর ও সিলেট সিটি করপোরেশন যৌথ অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করে চারটি মামলা করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেন।
আজ রোববার বিকেলে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ। অভিযানে দক্ষিণ সুরমা কিনব্রিজের পয়েন্ট থেকে রেলগেট পর্যন্ত এলাকায় বিজ্ঞাপন তালাশ করে অনুমোদনহীন ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান শনাক্ত করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কিছু বিক্রেতা তাঁদের ভাসমান প্রতিষ্ঠান গুটিয়ে গা ঢাকা দেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ দপ্তর জানায়, কিনব্রিজ এলাকায় ‘ফেমাস মার্কেট’ নামের বিপণিবিতানে অভিযান চালানো হয়। ড্রাগ লাইসেন্সহীন ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় চার ব্যক্তির নাম সংগ্রহ করে তাঁদের নামে ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে ১৭ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

চটকদার বিজ্ঞাপন দেখে এর আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছিল জানিয়ে সিসিকের জনসংযোগ দপ্তর আরও জানায়, এই সতর্কতার পরও অনুমোদনহীন ওষুধ বিক্রি ও প্রচারণা দুটোই চলছিল। স্বাস্থ্য সচেতন স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিটি করপোরেশন যৌথভাবে অভিযান চালায়।
জব্দ করা ওষুধগুলো নির্ধারিত প্রক্রিয়ায় ধ্বংস করা হবে জানিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম বলেন, ফুটপাতে দীর্ঘদিন ধরে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করত একটি সংঘবদ্ধ বিক্রেতা চক্র। এ ব্যাপারে সতর্ক করার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় স্বাস্থ্যের ক্ষতিকারক এসব ওষুধ বিক্রি বন্ধে সিটি করপোরেশনকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব–৯–এর একটি দল সহযোগিতা করে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ফুটপাতে দাঁতের চিকিৎসা সম্পূর্ণ বেআইনি। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ও অনুমোদিত ওষুধ বিক্রয়কেন্দ্র বা ফার্মেসি ছাড়া অন্য কোনো স্থান থেকে কোনো ধরনের ওষুধ কেনা ও সেবন করা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। চটকদার বিজ্ঞাপন দেখে এসব ক্ষতিকারক ওষুধ কেউ যাতে না কেনেন, অভিযান চলাকালে জনস্বার্থে এই প্রচারণাও চালানো হয়।