চট্টগ্রাম-কাপ্তাই রেললাইনের কাজ দ্রুত শুরু হবে: ফজলে করিম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নতুন রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত রেললাইনের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবেন তিনি।

আজ সোমবার সকালে চট্টগ্রামের নতুন রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে নতুন বগি যুক্ত করা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরোনো সাদা বগিগুলো ময়মনসিংহগামী এ ট্রেনে যুক্ত করা হয়েছে।

সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম-ঢাকা রেললাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। তাই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন।

চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত রেললাইনের কাজ দ্রুত শুরু হবে জানিয়ে তিনি বলেন, জানালী হাট থেকে কাপ্তাই পর্যন্ত রেললাইনের সম্ভাব্যতা যাচাই হয়ে গেছে। এ রেললাইন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পর কাপ্তাই পর্যন্ত যাবে। এরপর তিন পার্বত্য জেলাতেও রেললাইনের সংযোগ স্থাপন করা হবে।

ফজলে করিম চৌধুরী বলেন, ঢাকার পর চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। তাই চট্টগ্রামকে ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে। আজকে যে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস শীতাতপনিয়ন্ত্রিত নতুন বগিতে যাত্রা শুরু করল, এটা দেশের সম্পদ। এটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। ট্রেনে ভ্রমণ অনেক স্বচ্ছন্দময়।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরোনো সাদা বগিগুলো বিজয় এক্সপ্রেসে যুক্ত করা হয়েছে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের সংস্কার করে আবার আগের মতো ট্রেন চলাচলের জন্য নির্দেশ দেন ফজলে করিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিওপিএস (পূর্ব) এস এম সালাউদ্দিন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবুল কালাম চৌধুরী, আরএনবির রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম প্রমুখ।

নতুন আঙ্গিকে উদ্বোধন হওয়া বিজয় এক্সপ্রেসে বগি আছে ১৪টি। এর মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত বগি পাঁচটি ও পাঁচটি শোভন চেয়ার। এ ছাড়া রয়েছে পাওয়ার কার।