চট্টগ্রাম কারাগারে অমিত মুহুরী হত্যা মামলার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত মুহুরী
ফাইল ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরী হত্যা মামলায় এক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, মামলার আসামি রিপন নাথের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালত বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ১৫ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

নগরের পাহাড়তলী থানায় হওয়া একটি মামলায় কারাগারে ছিলেন রিপন নাথ। অপরদিকে হত্যাকাণ্ডের শিকার অমিত মুহুরী নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হন অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ। ২০১৯ সালের ১১ জুন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন রিপন নাথ।

রিপন নাথ জবানবন্দিতে দাবি করেন, ঘুমানোর আগে অমিত মুহুরী তাঁকে ধূমপান করতে মানা করেন এবং পায়ের কাছে ঘুমাতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে অমিত মুহুরী তাঁর কাছে জিন আছে বলে রিপন নাথকে ভয় দেখান। জিনের ভয়ে আগে থেকে অমিত মুহুরীকে খুন করেছেন বলে দাবি করেন রিপন নাথ।

২০২০ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন।