চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ১৪ জুন
শতবর্ষী চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৪ জুন। চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের নির্বাচন ঘিরে এবার তেমন উত্তাপ নেই। নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল গতকাল সোমবার। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আজ মঙ্গলবার। কারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন আজ তা-ও জানা যাবে। তবে বাণিজ্য সংগঠন বিধি সংশোধনের কারণে এবার তিন মেয়াদের বেশি নির্বাচনের সুযোগ থাকছে। ফলে পুরোনো মুখ আবারও শতবর্ষী এ সংগঠনের নেতৃত্বে আসতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফৌজুল মবিন খান প্রথম আলোকে বলেন, বাণিজ্য সংগঠন বিধিমালায় তিন মেয়াদের বেশি নির্বাচন করার সুযোগ ছিল না। এই বিধি সংশোধন করা হয়েছে। ফলে তিন মেয়াদের পর নির্বাচনে প্রার্থী হতে এখন আর বাধা নেই।
ব্যবসায়ীরা বলেন, প্রতিবার চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে এই সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে আলোচনা হতো। এবার সাবেক ব্যবসায়ী নেতারাও নির্বাচনের খবর জেনেছেন অনেক পরে। নাম প্রকাশ না করে দুজন ব্যবসায়ী নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার খবর জানাজানি হয়েছে অনেক পরে। অনেকটা গোপনে করা হয়েছে সবকিছু।
তবে চট্টগ্রাম চেম্বারের সচিব আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৩ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিলের নোটিশও টাঙানো হয়েছে।
চেম্বার সূত্র জানায়, ২৪ পরিচালক পদে নির্বাচন হবে। নির্বাচিত ২৪ পরিচালকের মধ্যে থেকে সভাপতি, সহসভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হবেন।