চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন তিন রোগী মারা গেছেন। আজ রোববার সকালে একজন এবং আগের দিন শনিবার রাতে দুজন মারা যান। এর মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। বাকি দুজনের উপসর্গ ছিল। তাঁদের করোনা শনাক্তকরণ রিপোর্ট আজ রাতে আসার কথা রয়েছে।
নগরের পাথরঘাটা এলাকার ৫৫ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে তিনি মারা যান। তাঁর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট ছিল বলে চিকিৎসকেরা জানান।
জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, এই নারী নানা অসুখে ভুগছিলেন। তিনি শনিবার রাতে মারা যান। এ ছাড়া অপর দুজনের করোনা উপসর্গ ছিল। তাঁদের অন্যান্য জটিল রোগ ছিল।
নগরের আগ্রাবাদ এলাকার ৬৯ বছর বয়সী এক ব্যক্তি আজ সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান বলে আবদুর রব জানান। ওই ব্যক্তির হৃদ্রোগও ছিল। ওই রোগী গত বৃহস্পতিবার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর আগে গতকাল রাত ১০টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সী আরেক রোগী মারা যান। লালখান বাজার এলাকার বাসিন্দা ওই ব্যক্তির হৃদ্রোগ ও ডায়াবেটিস ছিল। গতকাল সকালে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে, গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী পালিয়ে যাওয়ার সময় নগরের দেওয়ানহাটে মারা যান। ওই নারী পোশাকশ্রমিকের করোনা উপসর্গ ছিল। আগের দিন শুক্রবার সকালে তিনি চমেক হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে ভর্তি হন। এক রোগী মারা যাওয়ার পর ভয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান বলে তাঁর স্বামী আলহাজ্ব উদ্দীন জানান।
হাসপাতাল থেকে পালিয়ে মাসহ ফ্রিপোর্টের বাসায় যাওয়ার সময় দেওয়ানহাটে রিকশার মধ্যে ওই নারীর মৃত্যু হয় বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
এদিকে, গতকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মোট ৭১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে শনিবার নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৭৫ জন রয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিক, একজন ম্যাজিস্ট্রেট ও ছয় পুলিশ সদস্য আছেন। শনিবার চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনার এই সংক্রমণ শনাক্ত হয়।
এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। মারা গেছেন ৩৬ জন। মোট রোগীর মধ্যে চট্টগ্রাম নগরে ৫১৪ জন এবং উপজেলায় রয়েছে ২০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১০০ জন।