চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন করোনা ওয়ার্ড চালু
করোনা রোগীর অব্যাহত চাপে চট্টগ্রামের হাসপাতালগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যাসংকট দেখা দিয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও আট শয্যার হাই ডিপেন্ডেনসি ইউনিট (এইচডিইউ) বসানোর কাজ চলছে।
এ ছাড়া একই হাসপাতালে আজ বৃহস্পতিবার থেকে ১৮ শয্যার নতুন আরেকটি করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট শয্যা দাঁড়াবে ১৮৫টি।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে চট্টগ্রামে সরকারি–বেসরকারি হাসপাতালে আজ করোনা রোগী ছিল ১ হাজার ৪০০–এর বেশি।
জেনারেল হাসপাতালে গত বছরের এপ্রিল থেকে ১০০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড চালু হয়। এরপর রোগীর চাপ বেড়ে যাওয়ায় ১৫০ শয্যা করা হয়। পরে গত বছরের জুলাই থেকে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়। এ বছর তা বাড়িয়ে ১৮টি করা হয়। এর মধ্যে দুটি এইচডিইউ শয্যা। এর পাশাপাশি হাসপাতালটিতে ১৬টি কেবিনেও রোগী রাখা হচ্ছে। গতকাল এখানে রোগী ছিল ১৬৫ জন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, ‘রোগী বেড়ে যাওয়ায় নতুন করে আজ ১৮ শয্যার একটি করোনা আইসোলেশান ওয়ার্ড চালু করা হয়েছে। তাতে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া আরও আট শয্যার এইচডিইউ চালু করা হবে। আশা করি, মঙ্গলবার নাগাদ তা চালু হবে।’
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে চট্টগ্রামে সরকারি–বেসরকারি হাসপাতালে আজ করোনা রোগী ছিল ১ হাজার ৪০০–এর বেশি। আইসিইউতে ছিল ১২০ জন। সরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিট রয়েছে। সেখানেও শয্যা খালি নেই। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতেও শয্যা খালি নেই।
ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন দাশগুপ্ত বলেন, কোনো শয্যা খালি নেই। অনেক অনুরোধ আসছে। কিন্তু উপায় নেই।
একইভাবে নগরের ইমপেরিয়াল হাসপাতাল, মেডিকেল সেন্টার এবং পার্কভিউ হাসপাতালেও শয্যা খালি নেই। তবে পার্কভিউ হাসপাতালে আজ থেকে আইসিইউ শয্যা ১২টি বাড়ানো হয়েছে। এখন মোট ২৪টি আইসিইউ শয্যা আছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক এ টি এম রেজাউল করিম বলেন, ‘আমাদের ৮০টি কেবিন রয়েছে। এ ছাড়া ১২টি আইসিইউ শয্যা বাড়িয়ে আজ থেকে ২৪টি করা হয়েছে। রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না।’