চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হকের বিরুদ্ধে গতকাল শনিবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া তাঁকে কারণ দর্শানোর চিঠি দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছে আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতি সূত্র জানায়, গতকাল দুপুরে সমিতির কার্যালয়ে অবস্থান করছিলেন সাধারণ সম্পাদক এস এম জাহেদ। এ সময় বেশ কয়েকজন আইনজীবী এসে আইনজীবীদের জন্য নির্মিত নতুন ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গা তিনি গোপনে বরাদ্দ দিয়েছেন এমন অভিযোগ তোলেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় সাবেক সভাপতি মো. মুজিবুল হকও তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনার পরপরই বিকেলে সমিতির জরুরি সভা ডাকা হয়। বৈঠকে মুজিবুল হককে কারণ দর্শানোর চিঠি দেওয়া এবং তাঁর বিরুদ্ধে থানায় জিডি করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বারের শত বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। বিপরীত মতকে শ্রদ্ধা জানানোর যে রীতি মেনে চলা হতো তা ভাঙা হয়েছে। গাড়ির পার্কিংয়ের জায়গা বরাদ্দ নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে সমিতির সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করা হয়েছে। এটি মেনে নেওয়া যায় না।
অবশ্য অভিযোগ অস্বীকার করে মো. মুজিবুল হক বলেন, গত বৃহস্পতিবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গোপনে গাড়ি পার্কিংয়ের জায়গা বরাদ্দ দিয়েছেন। সমিতির নির্বাচনের আগে নিয়ম ভেঙে গাড়ি পার্কিংয়ের জায়গা বরাদ্দ দেওয়ায় প্রায় দেড় শ আইনজীবী সমিতির কক্ষে গিয়ে সাধারণ সম্পাদকের কাছে এর প্রতিবাদ করেন। কাউকে লাঞ্ছনা করার অভিযোগ সত্য নয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহেদ প্রথম আলোকে বলেন, মুজিবুল হকের নেতৃত্বে কিছু আইনজীবী তাঁর ওপর চড়াও হন। এ সময় তাঁকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মুজিবুল হকের বিরুদ্ধে তিনি জিডি করেছেন।