চট্টগ্রাম জেলায় 'নিখোঁজ' ৮
চট্টগ্রাম জেলার ‘নিখোঁজ’ তালিকার ১৭ জনের মধ্যে ৯ জনের সন্ধান মিলেছে। তালিকায় থাকা ৮ জনের এখনো কোনো হদিস নেই।
গতকাল শনিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা এ কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে এসপি জানান, জেলায় ১৭ জনের নিখোঁজ তালিকা তৈরি করা হয়েছিল। এর মধ্যে ৯ জন ফিরে এসেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ জনের তালিকা তৈরি করেছিল। ওই ৬ জন ফিরে এসেছেন। তবে জেলার ১৭ জনের মধ্যে ৮ জনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে চন্দনাইশ থানার তিনজন, হাটহাজারীর দুজন এবং সীতাকুণ্ড, ভুজপুর ও লোহাগাড়া থানার একজন করে রয়েছেন।
‘নিখোঁজ’ ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি এসপি।
মতবিনিময় অনুষ্ঠানে এসপি নূরে আলম মিনা বলেন, জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের তালিকা সংগ্রহ করে তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের কোনো আস্তানা আছে কি না, তা খুঁজে বের করার জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা ও অতিরিক্ত পুলিশ (দক্ষিণ) এমরান ভূঞা।