চট্টগ্রাম থেকে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে অপহরণের চার দিন পর ছয় বছরের এক শিশুকে কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

গত শনিবার গভীর রাতে চকরিয়ার কৈয়ারবিল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র‍্যাব ও পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সফর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রথম আলোকে বলেন, নগরের ডবলমুরিং থানার আসকারবাদ মেস গলির কাজীর বাড়ির একটি শিশু গত বুধবার নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

চন্দন দেবনাথ বলেন, গত শুক্রবার শিশুটির বড় ভাই মুজাহিদুল ইসলামের মুঠোফোনে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি র‍্যাব ও পুলিশকে জানানো হলে তারা অভিযান শুরু করে। অপহরণকারীদের বিকাশের মাধ্যমে কয়েক দফায় টাকাও দেওয়া হয়। পরে তাদের অবস্থান নির্ণয় করতে পেরে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চকরিয়ার কৈয়ারবিল এলাকার একটি বাড়ি থেকে অপহরণে জড়িত থাকার অভিযোগে সফর আলী নামের একজনকে গ্রেপ্তার করে। ওই বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, শিশুটির মা-বাবা দুজনেই হজ করতে সৌদি আরব গেছেন। শিশুটি বাসায় তার ভাইয়ের সঙ্গে থাকত। বাসার পাশের দোকানদার সাইফুল শিশুটিকে চিপস দেওয়ার কথা বলে দোকানে ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন।

ডবলমুরিং থানার ওসি বলেন, সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান চলছে।