চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা আনার পথে পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা
ফাইল ছবি

চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে করে ইয়াবা ঢাকায় নেওয়ার পথে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আজমীর হোসেন। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গতকাল সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি পুলিশ। বিষয়টি আজ মঙ্গলবার জানাজানি হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ ১৪ হাজার ইয়াবাসহ আজমীর হোসেনকে গ্রেপ্তার করে। তারা থানায় মামলা করেছে। আসামি আজমীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, কনস্টেবল আজমীর দায়িত্বরত ছিলেন। কিন্তু তিনি কাউকে না জানিয়ে অনুপস্থিত থাকেন। ইয়াবাসহ ধরা পড়ার পর বিষয়টি জানা যায়।

পুলিশ সূত্র জানায়, নম্বরবিহীন একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন আজমীর। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ তাঁকে আটক করে। তাঁর কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, চট্টগ্রামে দুই দশকে (২০০১ থেকে ২০২১) পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে ৩৮টি। এর মধ্যে ১৯টি ইয়াবাসংক্রান্ত।