চট্টগ্রাম নগরে বসছে ছয়টি পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরে তিনটি স্থায়ী ও তিনটি অস্থায়ী পশুর হাট বসবে। চট্টগ্রাম জেলা প্রশাসন সিটি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭টি শর্তে তিনটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে। সিটি করপোরেশন তিনটি স্থায়ী হাটের পাশাপাশি সাতটি অস্থায়ী হাট বসানোর জন্য আবেদন করেছিল।

সিটি করপোরেশন সূত্র জানায়, এবার সাতটি অস্থায়ী হাটের মধ্যে তিনটি বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কর্ণফুলী পশুর হাট, সল্টগোলা রেলক্রসিং হাট এবং পতেঙ্গার বাটারফ্লাই পার্কের দক্ষিণের খালি মাঠ। স্থায়ী হাটগুলো হচ্ছে সাগরিকা পশুর হাট, বিবির পশুর হাট ও পোস্তারপাড় হাট। জেলা প্রশাসন আজ মঙ্গলবার হাট বসানোর অনুমোদন দিয়েছে। গতবার চারটি অস্থায়ী, তিনটি স্থায়ীসহ মোট সাতটি হাট বসেছিল।

অস্থায়ী হাট বসানোর জন্য জেলা প্রশাসনের অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে হাটগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তিনি জানান, হাটগুলোর ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইজারার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। আগামী ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত হাট বসবে।

করোনার কারণে এবার হাটগুলোতে ১৭টি শর্ত মেনে চলতে হবে ইজারাদারদের। উল্লেখযোগ্য শর্তগুলো হচ্ছে প্রধান সড়ক থেকে অন্তত ১০০ গজ দূরে অস্থায়ী হাটগুলো বসাতে হবে। করোনা সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রবেশ ও বের হওয়ার পথে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান–পানির ব্যবস্থা রাখতে হবে। ক্রেতা-বিক্রেতা সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। অস্থায়ী পশুর হাটে ক্রেতা-বিক্রেতার একমুখী চলাচলের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা হতে হবে। পশুর হাটে পশুর সুস্থতা যাচাইয়ের জন্য ভেটেরিনারি চিকিৎসকের অবস্থান নিশ্চিত করতে হবে। পশু পরিবহনকারী গাড়ির পথ পরিবর্তন বা নিজস্ব হাটে নেওয়ার জন্য বাধ্য করা যাবে না। জাল নোট শনাক্তকরণের যন্ত্র রাখতে হবে।