চট্টগ্রাম নগরের ৮ বিপণিবিতান খুলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আটটি বিপণিকেন্দ্র চালু হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঈদের বাজারে এসব বিপণিকেন্দ্র চালু না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতিগুলো।
শুক্রবার বিকেলে নগরের প্রবর্তকের মিমি সুপার মার্কেটে জরুরি বৈঠকে বসেন ব্যবসায়ী সমিতির নেতারা। বৈঠকে ঈদ উপলক্ষে স্বল্প সময়ের জন্য মার্কেট না খোলার পক্ষে মত দেন অধিকাংশ ব্যবসায়ী নেতা। 
এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন স্যানমার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ।
সরকার রমজান ও ঈদের বাজার উপলক্ষে ১০ মে থেকে দেশের শপিং মলগুলো বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছে। তবে এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেওয়া হয়। করোনার কারণে বর্তমানে শপিং মলগুলো বন্ধ রয়েছে।
এবারের ঈদে নগরের জিইসি মোড়ের স্যানমার, সেন্ট্রাল প্লাজা, ২ নম্বর গেটের ফিনলে, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, প্রবর্তকের মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও কল্লোল সুপার মার্কেট, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার চালু হবে না।
ব্যবসায়ী নেতারা বিপণিকেন্দ্র চালু না রাখার প্রসঙ্গে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে যেসব স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, তা মানা অনেক কঠিন। আর দোকানের মালিক ও কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে আসবেন। ক্রেতারাও আসবেন। তাঁদের কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে অন্যরাও ঝুঁকিতে পড়বেন। আর স্বল্প সময়ের জন্য মার্কেট চালু করা লাভজনক হবে না। এসব চিন্তা করে এবার বিপণিকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 
এদিকে শুরুতে চালুর প্রস্তুতি নিলেও এখন তা পরিবর্তনের চিন্তাভাবনা করছে তামাকুমুণ্ডি লেন বণিক সমিতি ও নিউমার্কেট। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সাগির বলেন, শনিবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠক শেষে তাঁদের সিদ্ধান্তের কথা জানাবেন। একই কথা জানান তামাকুমুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবির।
বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম শাখার সভাপতি ছালামত আলী বলেন, চট্টগ্রামের ৭০ ভাগ ব্যবসায়ী মার্কেট চালুর বিপক্ষে। অন্যরা পক্ষে। তবে সংশ্লিষ্ট মার্কেট সমিতিগুলো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।