চট্টগ্রাম বন্দর চত্বরে জোয়ারের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ারের পানিতে বন্দরের কয়েকটি চত্বরে কনটেইনারের নিচের একাংশ পানিতে ডুবে গেছে। আজ চট্টগ্রাম বন্দরে
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে বন্দর চত্বরের অপেক্ষাকৃত নিচু এলাকায় জোয়ারের পানি উঠেছে। জোয়ারের পানিতে কয়েকটি চত্বরে কনটেইনারের নিচের একাংশ পানিতে ডুবে গেছে। তবে পণ্য নষ্ট হওয়ার খবর পাওয়া যায়নি।

বন্দরের তথ্য অনুযায়ী, আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় কর্ণফুলী নদীর বন্দর অংশে জোয়ারের উচ্চতা ছিল ৫ দশমিক ৭০ মিটার। পূর্ণিমার জোয়ারের সময় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানির উচ্চতা বেড়ে মহেশখালের পাশের চত্বরে, নিউমুরিং টার্মিনাল চত্বরের একাংশে পানি ওঠেছে। তবে ভাটার সময় পানি নেমে যায়।

চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, পূর্ণিমার জোয়ারে পানির উচ্চতা বাড়লেও বন্দরে পানি ওঠে না। তবে এবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পাশাপাশি একই সময়ে পূর্ণিমার জোয়ার থাকায় বন্দর চত্বরের মহেশখাল এলাকার অংশে পানি ঢুকেছে। তবে তা নেমে গেছে। কনটেইনারে বাতাসরোধী ব্যবস্থা থাকায় পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা নেই।

এর আগে বন্দরে অন্তত তিন–চারবার জোয়ারের পানি ওঠার রেকর্ড রয়েছে। জোয়ারের সময় ভারী বর্ষণ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরে কনটেইনার রাখার চত্বরে পানি ওঠে। গত বছরের আগস্টে ভারী বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে বন্দর চত্বরে পানি উঠেছিল।

বন্দর কর্মকর্তারা জানান, ভাটার সময় কর্ণফুলী নদীর পানির যে উচ্চতা থাকে, সেখান থেকে সাড়ে সাত মিটার উঁচু বন্দরের জেটি। আজ জোয়ারের সময় প্রায় জেটির সমান উচ্চতার কাছাকাছি পানি উঠেছে। তবে জেটি উপচে জোয়ারের পানি ভেতরে ঢোকেনি। বন্দরে কনটেইনার থেকে বের করে রাখা পণ্যের গুদামেও পানি ঢোকেনি।

বন্দর ব্যবহারকারীরা জানান, জোয়ারের পানির উচ্চতা বাড়ার বিষয়টি মাথায় রেখে বন্দরের ব্যবস্থা নেওয়া উচিত, না হলে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।