চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা স্ক্র্যাপবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় আশপাশে থাকা নৌযানের সহায়তায় জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ‘এমভি টিটু-৭’ নামের জাহাজটি বঙ্গোপসাগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে ডুবে যায়।

বন্দর সচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজটি ডুবে যাওয়ায় বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটি বন্দর চ্যানেলে ডোবেনি। ডুবে যাওয়া জাহাজের স্থানে মার্কিং করে রাখা হয়েছে।

লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, জাহাজটি আউটারে অবস্থানরত বড় জাহাজ থেকে স্ক্র্যাপ নিয়ে সদরঘাটের বাংলাবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পতেঙ্গা থেকে কিছু দূরে সাগরে নোঙর করা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে পানি ঢুকলে সেটি ডুবে যায়।