চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী তাপস সরকার হত্যাকাণ্ডের দুই সপ্তাহের মধ্যে আবারও বিরোধে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পৃথক দাবিতে পাল্টাপাল্টি অবরোধের হুমকি দিয়েছে দুই পক্ষ। এতে আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও বিরোধের কারণে এ বছর বিশ্ববিদ্যালয়ে ১৬ দিন ক্লাস ও পরীক্ষা হয়নি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গত দুই ঈদে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
একের পর এক সংঘর্ষের কারণে গত জুন মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। একপর্যায়ে বিরোধের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তোলা হয়। বিরোধ মিটিয়ে ফেলতে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারির এক মাস পর ১৪ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে খুন হন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, তাপস খুনের পর পুলিশের অভিযান ও মামলার কারণে ছাত্রলীগের ‘ভিএক্স’ (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের বেশির ভাগ নেতা-কর্মী শাহজালাল হল ছেড়ে যান। কাল সোমবারের মধ্যে নেতা-কর্মীদের হলে ওঠানো না হলে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছে ভিএক্স। তাঁরা এ হলেই অবস্থান করতেন।
অন্যদিকে ছাত্রলীগের ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষের নেতারা বলছেন, ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা হলে ফিরলে তাঁরা পাল্টা অবরোধ পালন করবেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা সাধারণ ছাত্রছাত্রীদের।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, তাপস খুন হওয়ার তিন দিন পর ১৭ ডিসেম্বর ভিএক্স পক্ষ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের হলে তুলে দেওয়াসহ ছয় দফা দাবি ঘোষণা করে। এসব দাবি মেনে নেওয়া না হলে ২০ ডিসেম্বর থেকে ক্যাম্পাসে অবরোধের ডাক দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের কারণে তারা সে সময় অবরোধ কর্মসূচি স্থগিত করেছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, ছয় দফা দাবি নিয়ে গত মঙ্গলবার নগরের লালখান বাজারের একটি রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের চারজন সহকারী প্রক্টর ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে করেন। বৈঠকে সহকারী প্রক্টররা আশ্বাস দেন, যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা নেই, প্রশাসনের সহযোগিতায় তাঁদের সোমবারের মধ্যে হলে ওঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে ভিএক্স পক্ষের নেতা জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবারের মধ্যে নেতা-কর্মীদের হলে ওঠানোর আশ্বাস দিয়েছে। ওই সিদ্ধান্ত কার্যকর করা না হলে মঙ্গলবার অবরোধ পালন করা হবে।
বৈঠকে উপস্থিত থাকা সহকারী প্রক্টর মোক্তার আহমেদ চৌধুরী ও মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা প্রক্টরের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, যারা নিরপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের হলে তুলে দেওয়ার ব্যাপারে হল প্রশাসন ব্যবস্থা নেবে।
গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষ। তারাও ছয় দফা দাবি ঘোষণা করে। লিখিত বক্তব্য পড়ে শোনান নাজমুল হক। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি খুনিদের পুনর্বাসন করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে লাগাতার অবরোধ পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউসার ফেরদৌস, আবদুল্লাহ আল মামুন, ফরিদ আহমেদ, ইকবার হোসাইন, মিঠুন চৌধুরী, আরমান হাবিব প্রমুখ।
সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা অমিত কুমার বসু বলেন, খুনিদের হলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হলেই ক্যাম্পাসে অবরোধ পালন করা হবে।