চট্টগ্রাম মেডিকেলের ৪ চিকিৎসক ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকেন মামলার আসামিকে অবৈধভাবে ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকসহ চার চিকিৎসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ১৭ জুলাই মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই চার চিকিৎসককে প্রশাসনিক কারণে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করা হলো। তাঁরা হলেন উপপরিচালক মোহাম্মদ দিদারউল ইসলাম, বহির্বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. এনামুল হাসান ও রাজিবুল ইসলাম এবং নিউরো মেডিসিন ওয়ার্ডের রেজিস্ট্রার জামান আহমেদ।

নূর মোহাম্মদ নামের এক হাজতিকে ভিআইপি কেবিনে রাখার অভিযোগে বদলি করা হয়েছে কি না, জানতে চাইলে ফজলুল হক বলেন, ঠিক ওই কারণেই তাঁদের ওএসডি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোকেন মামলার ওই আসামিকে অবৈধভাবে গত বছরের ১৪ মে থেকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর ভিআইপি কেবিনে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খোঁজখবর নেওয়া শুরু হলে গত ২ ফেব্রুয়ারি নূর মোহাম্মদকে হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ওএসডি হওয়ার পরও সংশ্লিষ্ট চিকিৎসকেরা নানাভাবে তদবির শুরু করছেন এবং তাঁরা এখনো পুরোনো কর্মস্থলেই আছেন বলে জানা গেছে।

বদলির আদেশ সম্পর্কে জানতে চাইলে উপপরিচালক দিদারউল ইসলাম বলেন, ‘একটা আদেশ হয়েছে। ওপরে এ নিয়ে কাজ চলছে। তা ছাড়া পরিচালক সাহেব এখনো ছাড়ছেন না।’ কেন হঠাৎ ওএসডির আদেশ হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘একটা অফিশিয়াল ঘটনা হয়েছিল। এ জন্যই এই আদেশ।’ ঘটনাটি কি নূর মোহাম্মদের বিষয়ে? জবাবে দিদারউল ইসলাম বলেন, ‘হ্যাঁ ওই বিষয়ে। কেবিন নিয়ে প্রশাসনিক ঝামেলা হয়েছিল।’

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘মন্ত্রী-সাংসদ ছাড়া ভিআইপি মর্যাদায় চিকিৎসা কাউকে দেওয়ার কথা নয়। নূর মোহাম্মদ কীভাবে ভিআইপি কেবিনে ছিলেন, সেটা মেডিকেল কর্তৃপক্ষ ভালো জানবে। আমরা অনেকবার তাঁকে সাধারণ শয্যায় নিয়ে আসতে চেয়েছি। কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ দেয়নি। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছি।’

গত বছরের ৬ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে বলিভিয়া থেকে আসা একটি তেলের ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। পরে ১৫ জানুয়ারি ওই তেল আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।