চট্টগ্রাম সিটি করপোরেশন: নিজের নামে ঠিকাদারি, প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশনের এক প্রকৌশলীর বিরুদ্ধে নিজের নামে ঠিকাদারি করাসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তের জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী সারোয়ার আলম খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অভিযোগগুলোর মধ্যে রয়েছে, তথ্য গোপন করে চাকরিতে যোগদান, নিজ নামে ট্রেড লাইসেন্স করে সিটি করপোরেশন থেকে ওই প্রতিষ্ঠানের নামে কাজ গ্রহণ। এ ছাড়া দুর্নীতির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ আইন অনুযায়ী, করপোরেশনের কোনো কর্মকর্তা–কর্মচারী কর্তৃক স্বজ্ঞানে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, স্বয়ং বা কোনো অংশীদার মারফত করপোরেশনের কোনো ঠিকাদারিত্বে স্বত্ব বা অংশ নেওয়া বেআইনি। অথচ মেসার্স অলটেক করপোরেশনের নামে সারোয়ার আলম খান ও তাঁর পার্টনার ঠিকাদারি করছেন। এ প্রতিষ্ঠান থেকে ট্রাফিক সিগন্যালের অচল মোড়গুলোর পোল উত্তোলন ও আনুষাঙ্গিক কাজ, চসিক আওতাধীন যেমন–হাসপাতালের পুরোনো ও নষ্ট এয়ার কন্ডিশন মেরামত ও সার্ভিসিং কাজ করা হয়।

এ ছাড়া আগ্রাবাদ অ্যাকসেস রোড ও পিসি রোড সম্প্রসারণ হওয়ায় পিডিবির পোলসমূহ স্থানান্তর কাজের জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে যথাক্রমে ১ কোটি ৭৭ লাখ এবং ৯৩ লাখ ৮২ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়েছিল। এই কাজগুলোর জন্য মালামাল নতুন দেওয়া হয়নি। আগের মালামাল ব্যবহার করা হয়েছে। তাই পুরোনো মালামাল স্টোরে জমা দেওয়া হয়নি। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে অভিযুক্ত প্রকৌশলী পুরোনো মালামাল ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া সারোয়ার আলম খান সিটি করপোরেশনে চাকরি নেওয়ার সময় ২০০৩–০৪ সেশনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদ জমা দেন। অথচ একই সেশনে তিনি চট্টগ্রাম কলেজ থেকে অনার্সের সনদও অর্জন করেন।

প্রকৌশলী সারোয়ার আলম খান বলেন, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, বিদ্যুৎ পোল নিয়ে আগেও অভিযোগ করা হয়েছিল, যার সত্যতা মিলেনি। তাঁর নামে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানও নেই।

তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।