চট্টগ্রাম হানাদারমুক্ত দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম হানাদারমুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে মুক্তিযোদ্ধা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও চট্টগ্রাম হানাদারমুক্ত হয় পরদিন ১৭ ডিসেম্বর। ওই দিন ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছিলেন সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। এ কারণে ১৭ ডিসেম্বর চট্টগ্রামে হানাদারমুক্ত দিবস পালন করা হয়।

গতকাল সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিন এবং চট্টগ্রাম নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ।

সার্কিট হাউসের অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস। কিন্তু একাত্তরের ১৬ ডিসেম্বরও চট্টগ্রামের কুমিরায় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদারদের সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধে হানাদারদের পরাজিত করেন তাঁরা। ১৭ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চট্টগ্রামকে হানাদারমুক্ত করা হয়। এ ঐতিহাসিক ঘটনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রাত পর্যন্ত চট্টগ্রামের কুমিরায় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যদের সঙ্গে যুদ্ধ চলে। ওই যুদ্ধে হানাদারেরা পরাজিত হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য কুমিরাসহ চট্টগ্রামের ঐতিহাসিক জায়গাগুলো সংরক্ষণ করতে হবে। সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

গতকাল সকালে পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সার্কিট হাউস থেকে বের হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধারা।