চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধে ‘পদবঞ্চিত’ ছাত্রলীগ
কমিটি ঘোষণা করার পর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের ‘পদবঞ্চিত’ নেতা–কর্মীরা চট্টগ্রাম–কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটা থেকে তাঁরা চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ এবং পটিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। বেলা আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এরপর চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের ১০০–১৫০ নেতা–কর্মী চট্টগ্রাম–কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া জানান, ছাত্রলীগের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করে রাখায় দুপাশে যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার পর নেতা–কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব সোহেল উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন। তবে অবরোধের বিষয়ে কিছু জানেন না বলে জানান।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।