চট্টগ্রামকেন্দ্রিক লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের হঠাৎ কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রামকেন্দ্রিক লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ। যে কারণে দিনভর চট্টগ্রাম নগরে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে পণ্য খালাসের কাজ বন্ধ ছিল। এসব ঘাটে ভোগ্যপণ্য, সার ও শিল্পের কাঁচামাল খালাসের অপেক্ষায় ছিল ৬০টি লাইটার জাহাজ।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য নিয়ে আসা বড় জাহাজ থেকে প্রথমে লাইটার জাহাজে পণ্য স্থানাস্তর করা হয়। এরপর লাইটার জাহাজ কর্ণফুলীর ওই ১৬ ঘাটে এনে পণ্য খালাস করে।

এর আগে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ ঘোষণা দিয়েছিল, গত নভেম্বরে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা কার্যকর না করলে ১৩ ফেব্রুয়ারি থেকে লাইটার জাহাজে কাজ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের দুদিন আগে কর্মবিরতির বিষয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ১৩ ফেব্রুয়ারি নয়, ১০ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে কর্মবিরতি শুরুর কথা ছিল। লাইটার জাহাজের মালিকেরা বর্ধিত বেতন-ভাতা কার্যকর করতে গড়িমসি করার কারণে শনিবার থেকে এই কর্মবিরতি শুরু করা হয়েছে।

কর্ণফুলীর আসাম বেঙ্গল ঘাটে গতকাল সার, গম, কয়লা ও পাথরবাহী চারটি লাইটার জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। ধর্মঘটের কারণে সকাল থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায় বলে জানান ঘাট পরিচালনার দায়িত্বে থাকা মো. রতন সিকদার। তিনি বলেন, লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্রমিকেরা ঘাটে এসে সকালে কাজ বন্ধ করে দেন।

আনু মাঝির ঘাট পরিচালনার দায়িত্বে থাকা আবুল কালাম প্রথম আলোকে বলেন, তাঁর ঘাটে সারবাহী একটি লাইটার জাহাজ আটকা পড়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন (মূল সংগঠন) বর্ধিত বেতন-ভাতা কার্যকর করার জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল মালিকপক্ষকে। দাবি পূরণ না হলে ১১ ফেব্রুয়ারি নিজ নিজ উদ্যোগে শ্রমিকেরা কাজ বন্ধ রাখবেন বলেও সিদ্ধান্ত হয়। তবে মালিকপক্ষ বর্ধিত বেতন-ভাতা কার্যকরে এক সপ্তাহ সময় চেয়েছে। এ কারণে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে প্রথম আলোকে জানান সংগঠনের সাধারণ সম্পাদক নবী আলম।

এদিকে কর্মবিরতি অব্যাহত থাকলে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসেও ব্যাঘাত তৈরি হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর কাজ করে শিপ হ্যান্ডলিং অপারেটররা। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়হীনতার কারণে এই কর্মবিরতি হচ্ছে।

এ বিষয়ে জাহাজমালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংগঠনের নির্বাচনের কারণে সব জাহাজে বর্ধিত বেতন-ভাতা কার্যকর করতে সময় চাওয়া হয়েছে। কারণ, নতুন কমিটি এসে এটি কার্যকর করবে। শ্রমিকদের বড় সংগঠনটি ২০ তারিখ পর্যন্ত এই সময়সীমা মেনেও নিয়েছে। এখন যারা কর্মবিরতি করছে, তাদেরও উচিত হবে তা মেনে নেওয়া।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, লাইটার জাহাজ মালিকপক্ষ বর্ধিত মজুরি বাস্তবায়ন করবে বলেছে। এর মধ্যে হঠাৎ কর্মবিরতির ডাক দিয়ে কার্যত আমদানিকারকদের জিম্মি করা হয়েছে। এর প্রভাবে বন্দরে আবার জাহাজজট তৈরি হবে।