চট্টগ্রামে আজ ঈদ ফ্যাশন প্রতিযোগিতা
পবিত্র রমজান সমাগত। সেই সঙ্গে আসছে খুশির ঈদ। উৎসবকে রাঙাতে প্রতিবছরের মতো এবারও প্রথম আলোর আয়োজনে চট্টগ্রামে হতে যাচ্ছে আলো ঝলমলে ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। আজ শনিবার সন্ধ্যায় নগরের হোটেল র্যা ডিসন ব্লুর মোহনা মিলনায়তনে ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার পর্দা উঠছে।
অনুষ্ঠানে ফ্যাশন কিউ ছাড়াও রয়েছে সংগীতানুষ্ঠান। গান গাইবেন শিল্পী কুমার বিশ্বজিৎ। নৃত্য পরিবেশন করবেন চট্টগ্রামের খ্যাতনামা তিনটি নৃত্যশিল্পী সংগঠনের শিল্পীরা।
এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগারওয়ালা, রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুহ হাবিব ও প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় অর্ধশত ডিজাইনারের তিন শতাধিক পোশাক জমা পড়েছে। ৯ জুন প্রাথমিক বাছাইয়ের পর বিচারকেরা ৬০টি পোশাক নির্বাচন করেছেন। দেশের শীর্ষস্থানীয় ১৫ জন র্যা ম্প মডেল এসব পোশাক পরে ফ্যাশন কিউতে অংশ নেবেন। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শিশুদের পোশাকসহ মোট ১২টি ক্যাটাগরির পোশাক থাকছে এ প্রতিযোগিতায়।
ঝলমলে ফ্যাশন কিউতে সেরা পোশাক নির্বাচন করতে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী আহমেদ নেওয়াজ, ডিজাইনার আইভি হাসান, এইচ এম ইলিয়াস, নূরে জান্নাত ও সিমাত মাহমুদ।
প্রথম আলোর এই আয়োজন এবার ১৭ বছরে পা দিচ্ছে। এ বছর ঈদ ফ্যাশন প্রতিযোগিতার মূল স্পনসর ডায়মন্ড ওয়ার্ল্ড। কো-স্পনসর হিসেবে রয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। অনুষ্ঠানটি কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য।