চট্টগ্রামে আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ আয়োজনে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ আয়োজনে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো

নগরজীবনে লোকজ সুর শুনে থমকে দাঁড়িয়েছে কেউ কেউ। থমকে গেছে রিকশার চাকা। উঁকি দিয়েছে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে। তখন মঞ্চে জমজমাট চলছে ‘নারী’ ও ‘পুরুষ’রূপী দুই কবিয়ালের লড়াই। হাস্যরসে ভরপুর এই লড়াই মনে করিয়ে দেয় গ্রামবাংলার সেই লোকজীবনকে।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে এই কবির লড়াই অনুষ্ঠিত হয়। প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ-সন্ধ্যাটি কবিগান ছাড়াও নানা আয়োজনে সমৃদ্ধ ছিল। গান, নাচ, আবৃত্তি আর কথামালায় কেটেছে এই আনন্দ আয়োজন। সবার কণ্ঠে ছিল দেশ গড়ার প্রত্যয়।
কবিগান পরিবেশন করেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য ও কংসরাজ দত্ত। নারী ও পুরুষের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাঁরা সমাজের নানা অসংগতির চিত্র তুলে ধরেন।
এর আগে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনন্দ আয়োজন শুরু হয়। এরপর রবীন্দ্র, নজরুল, আধুনিক, মাইজভান্ডারি ও লোকগানের মূর্ছনায় বিমোহিত হন দর্শকেরা। গানের ফাঁকে ছিল কথামালা।
শুভেচ্ছা জানিয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দর খান বলেন, ‘আমরা সাধারণ মানুষেরা সারা বছর প্রথম আলোর দিকে তাকিয়ে থাকি। পত্রিকাটি মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়।’
সিকান্দর খান চট্টগ্রামের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘বাণিজ্যিক এবং প্রাকৃতিক দিক থেকে চট্টগ্রাম অনেক সম্ভাবনাময়। কিন্তু চট্টগ্রাম সেভাবে জাতীয় বরাদ্দ পায় না। শিক্ষা, সামাজিক এবং রাস্তাঘাটের দিক থেকে অনেক অনুন্নত। প্রথম আলো অতীতের মতো এই বঞ্চনার কথা তুলে ধরবে প্রতিদিন।’

.
.

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘প্রথম আলো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এগিয়ে যাবে—এই আমাদের প্রত্যাশা।’
বন্ধুসভার সদস্য সঞ্জয় বিশ্বাসের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘প্রথম আলো এখন দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্য থেকে প্রকাশিত হচ্ছে। এটি আমাদের পাঠকদের জন্যই সম্ভব হয়েছে।’
শিল্পীদের কণ্ঠেও ছিল দেশ ও জনতার জয়গান। শ্রেয়সী রায় পরিবেশন করেন দুটি রবীন্দ্রসংগীত। আরও গান করেন ফাহমিদা রহমান, রঞ্জন চৌধুরী, লুবনা জান্নাত।
অনন্য বড়ুয়ার প্রাপণ একাডেমির সমবেত নৃত্য ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের ‘নূরলদিনের সারাজীবন’ ও মিলি চৌধুরীর ‘কাল্লু’ কবিতার আবৃত্তি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে লোকগান। মানস পাল করেন দুটি বাউলগান। কল্যাণী ঘোষ প্রয়াত শিল্পী শেফালী ঘোষকে স্মরণ করে পরিবেশন করেন আঞ্চলিক গান ‘ও ফরানের তালত ভাই’। এরপর তিনি করেন একটি মাইজভান্ডারি গান। তাঁর গানের সঙ্গে মেতেছেন মুক্তমঞ্চে সমবেত দর্শকেরা।