চট্টগ্রামে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতাদের বয়ানে উদ্বুদ্ধ হয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের উগ্রবাদী পোস্ট করতেন ওই যুবক।

গ্রেপ্তার যুবকের নাম ওমর ফারুক (২২)। গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, ফারুকের কাছ থেকে ১০টি উগ্রবাদী বই ও ৫৩টি প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ওমর ফারুক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’–এর আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি, তামিম আল আদনানীদের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়েছেন।

ইন্টারনেট থেকে এ বিষয়ে ওমর ফারুক বিভিন্ন তথ্য–উপাত্ত সংগ্রহ করেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। এরপর বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও উগ্রপন্থী বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন ওমর। একপর্যায়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য হয়ে কথিত উগ্রপন্থী কার্যক্রমে নিজেকে সমর্পণ করেন। ওমর ফারুককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান নুরুল আবসার।

নুরুল আবসার আরও বলেন, সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও, সরকারবিরোধী পোস্টের মাধ্যমেও তাদের প্রচারণা চালাত। ফারুক একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে সমমনা লোকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে প্রচারণা চালাতেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।