চট্টগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বয়সবৈষম্য দূর করুন’ স্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার চট্টগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

শিশু একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, সরকার প্রবীণদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে প্রবীণদের জীবনমান উন্নত হবে।

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এস এম মোরশেদ হোসেন, অধ্যাপক রীতা দত্ত, নারীনেত্রী জেসমিন সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক ওমর ফারুক, আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র চট্টগ্রামের সহকারী পরিচালক হাসান মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

এর আগে গতকাল সকাল নয়টায় নগরের প্রবর্তক মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়।