চট্টগ্রামে আসছে সোনার বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Railway
Railway

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যুক্ত হচ্ছে নতুন ট্রেন। বিরতিহীন আন্তনগর এই ট্রেনের নাম ‘সোনার বাংলা এক্সপ্রেস’। তবে এবারের এই ট্রেনের সব বগি নতুন। ​তৈরি ইন্দোনেশিয়ায়। আগামী ২৫ জুন শনিবার কমলাপুর রেলস্টেশনে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে ট্রেনটির যাত্রা শুরু হবে পরদিন রোববার থেকে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (অপারেশন) সৈয়দ জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোনার বাংলা ট্রেনটি বিমানবন্দর স্টেশনের পর আর কোথাও থামবে না। ট্রেনটিতে ১৬টি নতুন বগি থাকবে। প্রতিটি বগি ইন্দোনেশিয়ার তৈরি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাতটায় ছাড়বে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। চট্টগ্রাম থেকে বিকেল পাঁচটায় ছেড়ে আবার ঢাকার পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। একই রুটে চলাচলকারী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের মতোই সময় নিয়ে সোনার বাংলা এক্সপ্রেস চলাচল করবে। ১৬টি বগির এই ট্রেনে যাত্রী ধারণক্ষমতা ৭৪৬ জন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মোট আসন ২২০টি, শোভন চেয়ারের মোট আসন ৪২০টি, এসি বাথের আসন রয়েছে ৬৬টি। এ ছাড়া দুটি খাবার গাড়ির সঙ্গে ৪০টি আসন রয়েছে।

সোনার বাংলা এক্সপ্রেসে এসি চেয়ারের ভাড়া ১১০০ টাকা, এসি সিটের ভাড়া ১০০০ টাকা ও শোভন চেয়ারের ভাড়া ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রেনে যাত্রীদের খাবার সরবরাহ করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল শুরু করে ১৯৯৮ সালে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৭টায় ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন সুবর্ণ এক্সপ্রেস চলাচল করে। তবে সোনার বাংলা এক্সপ্রেস প্রতি সপ্তাহে শনিবার বন্ধ থাকবে।

এদিকে ট্রেনের উদ্বোধন উপলক্ষে সেদিন ঈদের আগাম টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন আগামী ৪ জুলাইয়ের টিকিট বিক্রির কথা ছিল। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ২৬ জুন। ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭ জুন।