চট্টগ্রামে ঈদ জামাতের মোনাজাতে করোনামুক্তির আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের মসজিদে মসজিদে আজ বুধবার সকালে পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাঁরা মোনাজাতে করোনাভাইরাস থেকে মুক্তির পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি কামনা করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায়। নামাজে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

সকাল আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মুহাম্মদ সিদ্দিকী।

নামাজে চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। তবে এবার জামাতে সমাগম ছিল তুলনামূলক কম। মুসল্লিরা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। করোনাভাইরাস থেকে দেশ, জাতি ও করোনার সম্মুখযোদ্ধাদের রক্ষা করতে আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন লালদীঘি শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়।

এ ছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগরের ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় শেষে কোরবানির পশু জবাই শুরু হয়। কোরবানির পশু জবাইয়ের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ৪১ ওয়ার্ডে ৩০৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে।