চট্টগ্রামে এক দিনের ব্যবধানে সংক্রমণ দেড় গুণ
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ৩। তবে একই সময়ে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। এর আগে গতকাল মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। শনাক্তের হার ছিল ৩ শতাংশ।
আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৯ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪ জন।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩২২ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৭৬৯ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। এরপর সর্বশেষ গত ৪ ডিসেম্বর এই জেলায় করোনা সংক্রমণ শূন্য ছিল।