চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামের দুটি পরীক্ষাগারে ৪২ দিনে কোভিড-১৯ রোগী শনাক্ত হন ১৭০ জন। আর ৪৩তম দিনে গত বৃহস্পতিবার শনাক্ত হন ৫৯ জন। এক দিনে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার কারণে ভীতি বেড়েছে। ঘরের বাইরে মানুষের যাতায়াত ও বিচরণ বেড়ে যাওয়ায় আগামী দিনগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে বলে চিকিৎসকদের আশঙ্কা।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এ অঞ্চলের কোভিড-১৯ রোগী শনাক্ত করার পরীক্ষা শুরু হয় গত ২৫ মার্চ। শুরুর দিকে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা, তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের রোগীদের শনাক্ত করা হয়েছিল। এক মাস পর ২৫ এপ্রিল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়েও কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা শুরু হয়। অবশ্য এর মধ্যে কক্সবাজারেও করোনাভাইরাসের রোগী শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে।
বিআইটিআইডি সূত্র জানায়, চট্টগ্রামের দুটি পরীক্ষাগারে প্রায় ৫ হাজার ২০০ নমুনা পরীক্ষা হয়েছে। ৬ মে পর্যন্ত ৪২ দিনে নমুনা পরীক্ষায় শনাক্ত হন মোট ১৭০ জন কোভিড-১৯ রোগী। আর ৪৩ তম দিনে, অর্থাৎ ৭ মে শনাক্ত হন ৫৯ জন, যা ৪২ দিনের মোট শনাক্তের এক-তৃতীয়াংশের বেশি। এতে চিকিৎসকেরা বিস্মিত। তবে আগামী দিনগুলোতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার আরও বাড়তে থাকবে বলে আভাস দিয়েছেন চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার বিআইটিআইডি হাসপাতালে ১৯৮ নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ৬১ নমুনা পরীক্ষায় শনাক্ত হন আরও ৪০ জন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মানুষের চলাচল হঠাৎ করে বেড়ে গেছে। এতে রোগী শনাক্তের সংখ্যাও বাড়ছে। মানুষ সচেতন না হলে করোনা রোগী আরও বাড়বে।
চট্টগ্রামে প্রতিদিন গড়ে আড়াই শতাধিক নমুনার পরীক্ষা হচ্ছে। এরপরও আট শতাধিক নমুনার স্তূপ জমে আছে। চলতি সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার চালু হবে। এরপর গড়ে পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা করা যাবে। তাতে নমুনার জট কমে আসবে বলে আশা করা যাচ্ছে।
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ও পরীক্ষাগারের প্রধান শাকিল আহমেদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের দুটি ল্যাবে পরীক্ষার পরও আট শতাধিক নমুনা জমে গেছে। চট্টগ্রাম মেডিকেলের ল্যাবে পরীক্ষা শুরু হলে রোগী শনাক্তের সংখ্যা আরও বাড়বে।
শাকিল বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়।
একই আশঙ্কা করেছেন স্বাধীনতা চিকিৎসা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামে কোভিড-১৯ রোগী চিকিৎসা সমন্বয় সেলের সদস্য আ ম ম মিনহাজ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষার সংখ্যা বাড়লে রোগী বাড়বে। শনাক্তের হারও আগের চেয়ে অনেক বাড়বে। মানুষের অসচেতনতা এর জন্য দায়ী।