চট্টগ্রামে একুশের বইমেলার পরিসর বাড়ল এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বড় পরিসরে শুরু হলো ১৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। নগরের মুসলিম ইনস্টিটিউটের প্রাঙ্গণ ছাড়িয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সড়কের দুই ধারে বর্ধিত হয়েছে এবারের বইমেলা। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মেলা উপলক্ষে মুসলিম ইনস্টিটিউটের প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি করপোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান। এই মেলা আয়োজনের পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। আগামী প্রজন্মকে পূর্ণাঙ্গ মানুষ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বইমেলার আয়োজন করা হয়েছে।
বইমেলাকে সার্থক করে তুলতে পাঠকদের মেলায় আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণের পর এটাই প্রথম বইমেলা। এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে। ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা এতে অংশ নিয়েছে। চেষ্টা করব, যাতে আগামী বইমেলায় দেশের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মেলায় স্টল দেয়। চট্টগ্রামের বইমেলাকে ঢাকার একুশের বইমেলার মতো মানসম্পন্ন করে তোলারও পরিকল্পনা রয়েছে।’
একুশের বইমেলা আয়োজক কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব রশিদ আহমেদ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, চট্টগ্রামের সৃজনশীল প্রকাশ পরিষদের পাশাপাশি এবারের বইমেলায় ঢাকার ২০টি সংস্থা অংশ নিয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। পাঠক-দর্শনার্থীদের সুবিধার্থে মেলা চলাকালীন প্রতিদিন শহীদ মিনারের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া প্রতিদিন বইমেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।