চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫৫। এ সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৫৯। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২ জন ও উপজেলার ২৩ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪৬।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হন ২০২০ সালের ৩ এপ্রিল। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।