চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৪%
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৪২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭১০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৮৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন শহরের, দুজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৫২ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে আগে কখনো এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।
তার আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৯ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।