চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৩৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১২ শতাংশ।
আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৩ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হলো। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২৫ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫২ জন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নগরের। অপরজন নগরের বাইরের উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৭ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৮ জন।
আগের দিন (সোমবার) চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়। ৮৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৫ শতাংশ। রোববার চারজনের মৃত্যু হয়। ৭০২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১১৯ জনের পজিটিভ আসে। শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ। শনিবার পাঁচজনের মৃত্যু হয়। ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১১ শতাংশ। শুক্রবার একজন মারা যান। শনাক্ত হন ১১৬ জন। এদিন ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।