চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ৬১৪ জনের মৃত্যু হলো। করোনা শনাক্ত হয়েছে মোট ৫৩ হাজার ২৫১ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৯ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নগরের। অপরজন নগরের বাইরের উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪২ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭২ জন।

চট্টগ্রামে গত শুক্রবার করোনায় একজন মারা যান। শনাক্ত হন ১১৬ জন। এদিন ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়। শনাক্ত হন ৮২ জন। গত বুধবার কেউ মারা যাননি। এদিন ১ হাজার ৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়। পজিটিভ আসে ৯৯ জনের। গত মঙ্গলবার ১ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৩৬ জনের পজিটিভ আসে। এদিন চারজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।