কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দেওয়া নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাংসদ এম এ লতিফ তাঁর নির্বাচনী এলাকার আটটি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে তিনটি ওয়ার্ডে নগর কমিটি পাল্টা তিনজন কাউন্সিলরের নাম ঘোষণা করেছে।
কাউন্সিলর পদে সাংসদ ও নগর কমিটির পাল্টাপাল্টি সমর্থন নিয়ে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা কে দলের প্রার্থী তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এটি ভোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা আশঙ্কা করছেন।
পাল্টাপাল্টি কাউন্সিলর প্রার্থী ঘোষণা নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আলোচনা না করে সাংসদ লতিফ আটটি ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এর মধ্যে ৩০ ও ৪০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের নাম তিনি বাদ দিয়েছেন। সাংসদ লতিফ জামায়াত থেকে আওয়ামী লীগে আসেন সাড়ে ছয় বছর আগে। তিনি এখন প্রতীকী নেতা। তাঁকে এই ক্ষমতা কে দিয়েছে?’
খোরশেদ আলম জানান, নগর আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে না।
অভিযোগের বিষয়ে সাংসদ এম এ লতিফ এ প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে আটজনের নাম ঘোষণা করা হয়। নগর আওয়ামী লীগও পাল্টা কাউন্সিলর পদের প্রার্থীর নাম ঘোষণা করছে। বিষয়টা এখন কেন্দ্র দেখবে।’
দলীয় সূত্র জানায়, সাংসদ এম এ লতিফ গত শনিবার তাঁর নির্বাচনী এলাকার ২৭ নম্বর ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৯ নম্বরে গোলাম মো. জোবায়ের, ৩০ নম্বর মাজহারুল ইসলাম, ৩৭ নম্বর আবদুল মান্নান, ৩৮ নম্বর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর মো. আসলাম, ৪০ নম্বর মো. জয়নাল আবেদীন এবং ৪১ নম্বর ওয়ার্ডে ছালেহ আহম্মদ চৌধুরীকে সমর্থন দেন।
অন্যদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম গত রোববার ৩০ নম্বর ওয়ার্ডে জহির আহমদ চৌধুরী, ৩৯ নম্বরে জিয়াউল হক সুমন ও ৪০ নম্বরে আবদুল বারেকের নাম ঘোষণা করেন। এঁদের মধ্যে জহির আহমদ ও আবদুল বারেক নিজ ওয়ার্ডে গত নির্বাচনেও কাউন্সিলর পদে জয়ী হন। তাঁরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
৪০ নম্বর ওয়ার্ডে সাংসদ সমর্থন দেন জয়নাল আবেদীনকে। নগর আওয়ামী লীগ সমর্থন দেয় বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেককে।
এ বিষয়ে জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, তাঁকে সাংসদ সমর্থন দিয়েছেন। কেন্দ্রের সমর্থনও তাঁর প্রতি রয়েছে বলে তিনি দাবি করেন।
সাংসদের সমর্থন না পাওয়ার বিষয়ে আবদুল বারেক বলেন, ‘প্রার্থীর নাম ঘোষণা করার তাঁর (সাংসদ) কী এখতিয়ার? আমরা তাঁর অধীনে রাজনীতি করি না। দলের মধ্যে ঐক্য ও বিভেদ সৃষ্টি করে তিনি ফায়দা নিতে চান?’
৩৯ নম্বর ওয়ার্ডে মো. আসলামকে সমর্থন দিয়েছেন সাংসদ এম এ লতিফ। আর জিয়াউল হককে নগর আওয়ামী লীগ সমর্থন দিয়েছে।
মো. আসলাম বলেন, ‘জনপ্রিয়তার ভিত্তিতে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ ও চট্টগ্রামের দুজন সাংসদকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ৩৯ নম্বর ওয়ার্ডে নগর আওয়ামী লীগ কেন আরেকজনের নাম ঘোষণা করেছে, তা বোধগম্য নয়।’
কাউন্সিলর পদপ্রার্থী জিয়াউল হক বলেন, ‘রাজনীতি করি নগর আওয়ামী লীগের নেতৃত্বে। আন্দোলন-সংগ্রাম করে রাজপথ দখলে রেখেছি আমরা। এমপি সাহেব কেন রাজপথের সৈনিকদের অপছন্দ করছেন, তা বুঝতে পারছি না।’
দলীয় সূত্র জানায়, ৭ এপ্রিল চট্টগ্রাম চেম্বার ভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও সাবেক নেতা আলাউদ্দিন নাসিম, সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম-১২ আসনের সাংসদ শামসুল হক চৌধুরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী ঠিক করতে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ লতিফ আটটি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করেন।