চট্টগ্রামে কুমারী পূজা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎ​সবের মহাষ্টমীতে গতকাল চট্টগ্রাম নগরের পাথরঘাটার শ্রীশ্রী শান্তনেশ্বরী মাতৃমন্দিরে সাড়ম্বরে কুমারী পূজা অনু​িষ্ঠত হয় l ছবি: প্রথম আলো
শারদীয় দুর্গোৎ​সবের মহাষ্টমীতে গতকাল চট্টগ্রাম নগরের পাথরঘাটার শ্রীশ্রী শান্তনেশ্বরী মাতৃমন্দিরে সাড়ম্বরে কুমারী পূজা অনু​িষ্ঠত হয় l ছবি: প্রথম আলো

কুমারী পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদ্‌যাপিত হয়েছে। নগরের পাথরঘাটার শ্রীশ্রী শান্তনেশ্বরী মাতৃমন্দিরে গতকাল রোববার সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা।

শান্তনেশ্বরী মাতৃমন্দিরে গতকালের ‘কুমারী মায়ের’ নাম বিনতা দে। নগরের সেন্ট স্কলাসটিকা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। শাস্ত্রমতে, এদিন তার নামকরণ করা হয় ‘ভৈরবী’। চিকিৎসক দম্পতি বাসু দেব দে ও রুবী দের সন্তান সে। গতকাল দুপুর পৌনে ১২টায় মন্দিরে আসে বিনতা। দুপুর ১২টা থেকে পূজা শুরু হয়। কুমারী পূজায় পৌরোহিত্য করেন মন্দিরের ব্রাহ্মণ শ্যামল সাধু মহন্ত মহারাজ।

কুমারী পূজা দেখার জন্য গতকাল সকাল থেকে মন্দিরে ছিল পূজারিদের উপচেপড়া ভিড়। পূজা দেখতে আসা নগরের টেরিবাজারের বাসিন্দা রুদ্র দাশ বলেন, ‘আগে কখনো কুমারী পূজা দেখিনি। তাই মন্দিরে এলাম।’ শ্যামলী নামের এক নারী বলেন, ‘কুমারী পূজা এর আগে টেলিভিশনে দেখেছি। এবারই প্রথম সামনাসামনি দেখতে পেলাম।’ কুমারী পূজা শেষে মন্দিরে উপস্থিত ভক্তরা পূজার অঞ্জলি গ্রহণ করেন।

পাথরঘাটার এই মন্দির ছাড়াও নগরের বিভিন্ন পূজামণ্ডপেও গতকাল অষ্টমী পূজা উপলক্ষে ছিল নানা বয়সী নারী-পুরুষের ঢল নামে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নগরের আসকারদীঘির পশ্চিমপাড়ের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। এখানে সকাল থেকে বিভিন্ন বয়সী পূজার্থীরা আসতে শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে এখানে পূজার্থীরা অঞ্জলি গ্রহণ করেন। এ সময় মন্দির ছাপিয়ে ভক্তদের স্রোত পাশের সড়কে পর্যন্ত চলে যায়।

স্ত্রী-সন্তান নিয়ে মিশনে অঞ্জলি নিতে আসেন শিক্ষক প্রবীর দাশ। তিনি বলেন, ‘দুপুর ১২টায় এসেও মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। শেষে রাস্তায় দাঁড়িয়ে অঞ্জলি নিয়েছি।’