চট্টগ্রামে খালে নিখোঁজ শিশুর খোঁজে চলছে তল্লাশি
চট্টগ্রাম নগরের চশমা খালে তলিয়ে নিখোঁজ হওয়া শিশু মো. কামাল উদ্দিনের (১২) খোঁজে দ্বিতীয় দিনের মতো তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল আটটা এ অভিযান শুরু হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি দল শিশু কামালের খোঁজে কাজ করছে। এর মধ্যে একটি ডুবুরি দল, অন্য দুটি উদ্ধারকারী দল। খালের সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
গত সোমবার বিকেলে নগরের ষোলশহর শপিং কমপ্লেক্সের বিপরীতে চশমা খালে বোতল কুড়াতে নেমেছিল কামাল ও তার বন্ধু রাকিব উদ্দিন (১২)। সেখানে পায় সাঁতার কাটার পরিত্যক্ত খেলনা। সেটি নিয়ে দুজনেই সাঁতার কাটতে থাকে। সঙ্গে কুড়াতে থাকে বোতল। একপর্যায়ে পানির স্রোতে দুজনই উল্টে পড়ে। রাকিব কোনোভাবে উঠতে পারলেও তলিয়ে যায় কামাল। ভয়ে সে খবর সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে জানায়নি রাকিব। সন্ধ্যার পর ছেলে কামালের খোঁজ শুরু করে বাবা আলী কাওসার। পরে জানতে পারেন ছেলের খালে তলিয়ে যাওয়ার খবর। এরপর নিজেই নেমে পড়েন খালে। রাতভর খোঁজ করে ব্যর্থ হন তিনি।
তবে শিশু তলিয়ে যাওয়ার বিষয়টি ফায়ার সার্ভিস জানতে পারে গতকাল মঙ্গলবার বিকেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করে।
আলী কাওসারের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে কামাল সবার ছোট। বাবার সঙ্গে নগরের ষোলশহর স্টেশনে থাকত সে।
গত ২৫ আগস্ট জলাবদ্ধতার সময় চশমা খালের মুরাদপুর এলাকায় তলিয়ে গিয়েছিলেন সবজি বিক্রেতা ছালেহ আহমেদ (৫০)।
এখনো পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে গত ৩০ জুন মেয়র গলিতে একই খালে পড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। এতে চালকসহ দুজন মারা যান। গত ২৭ সেপ্টেম্বর নগরের আগ্রাবাদে নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়া (১৯)।