সেই চশমাখালে পড়ে এবার ১২ বছরের শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার বিকেলে খালে পড়ে নিখোঁজ হয় মো. কামালউদ্দিন নামের এক শিশু। তার খোঁজে সেখানে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে সন্তানের ছবি হাতে নিয়ে অপেক্ষায় বাবা আলী কাউসার। মঙ্গলবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের ষোলোশহর এলাকায়
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের ষোলশহরের চশমাখালে পড়ে গত আগস্টে নিখোঁজ হয়েছিলেন একজন সবজি বিক্রেতা। ওই ঘটনার চার মাস না যেতেই এবার একই খালে পড়ে নিখোঁজ হয়েছে ১২ বছরের এক শিশু। শিশুটির নাম মো. কামাল উদ্দিন। নিখোঁজ শিশুটির সন্ধানে খালে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার বিকেলে চশমাখালে বোতল কুড়াতে নেমেছিল কামাল উদ্দিন। এ সময় মো. রাকিব (১২) নামে আরেক শিশুর সঙ্গে কামাল উদ্দিন স্রোতের টানে তলিয়ে যায়। রাকিব পানি থেকে উঠে এলেও কামাল উদ্দিন পারেনি।

চট্টগ্রামের বায়েজিদ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, শিশুটি সোমবার বিকেলে খালে তলিয়ে গেলেও এ ঘটনা ফায়ার সার্ভিসকে কেউ জানায়নি। মঙ্গলবার বেলা তিনটার দিকে শিশু তলিয়ে যাওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির বাবার নাম আলী কাওসার। তিনি পেশায় দিনমজুর। আলী কাওসার প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যার পরেও তিনি ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। পরে একজন জানান, ছেলে খালে পড়ে গেছে। এরপর তিনি ঘটনাস্থলে ছুটে যান। রাতভর খালের পানিতে ছেলেকে খুঁজেছেন, কিন্তু পাননি। পরে সেখানকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।

চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে থাকেন আলী কাওসার। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে কামাল উদ্দিন সবার ছোট।

এর আগে গত ২৫ আগস্ট জলাবদ্ধতার সময় চশমাখালের মুরাদপুর এলাকায় তলিয়ে গিয়েছিলেন সবজি বিক্রেতা ছালেহ আহমেদ (৫০)। এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত ৩০ জুন একই খালে পড়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। ওই ঘটনায় চালকসহ দুজন মারা যান।