চট্টগ্রামে খুনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
চট্টগ্রামে খুনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন। জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে পরিশোধের নির্দেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. লোকমান। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৮ মার্চ চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা মজিদের পাড়ায় ফজর আলী (৬২) ও তাঁর স্ত্রী ছেমন খাতুনের (৬০) ওপর হামলা করে দুর্বৃত্তরা। ফজর আলী ওই দিন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ওই ঘটনায় ফজর আলীর ছেলে মোক্তার হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ২১ আগস্ট সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। প্রায় ১৪ বছর ধরে চলা এ মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন। রায়ের আদেশে লোকমান হোসেনকে যাবজ্জীবন এবং বাকি ছয়জনকে খালাস দেওয়া হয়।
তবে এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট নন। বাদীপক্ষের আইনজীবী খালেদ মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।