চট্টগ্রামে গ্রেপ্তার রুমেলের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে মো. রুমেল (২২) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের দাবি, রুমেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
রুমেলের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। তিনি নগরের চান্দগাঁও এলাকায় একটি কারখানায় কাজ করতেন। গত সোমবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠের একুশের বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করেছিল নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এরপর সংস্থাটি তাঁর নাম–ঠিকানা প্রকাশ করেনি।
আজ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নগরের কোতোয়ালি থানায় মামলা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয় আদালতে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপকমিশনার ফারুক উল হক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার রুমেলের কাছ থেকে উসকানিমূলক বিভিন্ন প্রচারপত্র ও জঙ্গিসংশ্লিষ্ট আলামত উদ্ধার হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, আনসার আল ইসলামের সদস্য রুমেলের কাছ থেকে শহীদ দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনবিরোধী লিফলেট এবং কাপড় জব্দ করা হয়েছে। চট্টগ্রামে বইমেলায় হামলার জন্য রুমেল সেখানে গিয়েছিলেন এবং তাঁর সঙ্গে কয়েকজন সহযোগীর যোগ দেওয়ার কথা ছিল । তাঁরা গণতান্ত্রিক সরকার উৎখাত করে ইসলামি শরিয়াহ ও খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চান।