চট্টগ্রামে চাকরি দেওয়ার কথা বলে ‘অনৈতিক কাজে’ বাধ্য করেন তাঁরা
চট্টগ্রামে চাকরি দেওয়ার কথা বলে তরুণীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার অভিযোগে দালাল চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র পরিবারের তরুণীদের পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রাম শহরে আনা হয়। পরে তাঁদের চাকরি না দিয়ে ভাড়া বাসায় আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করে একটি দালাল চক্র। গতকাল মঙ্গলবার এক তরুণী কৌশলে বের হয়ে এসে র্যাবকে এসব তথ্য জানান। পরে র্যাব নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম, মোশারফ হোসেন, রুমা আক্তার, শাহিন আলম, মো. সুজন ও ময়না বেগম। আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চার ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। তাঁদের মধ্যে তিনজন কিশোরী রয়েছে।
র্যাব–৭–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে জোর করে ‘অনৈতিক কাজ’ করানোর মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নগরের ডবলমুরিং থানায় একটি মামলা করেছে র্যাব।