চট্টগ্রামে চিকিৎসককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গতকাল শনিবার বিকেলে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। তবে পুলিশের ওই সদস্যের নাম জানা যায়নি।
সানাই প্রু ত্রিপুরা (৪৮) নামের ওই চিকিৎসক বেসরকারি সংস্থা দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ রাতে ডা. সানাই ত্রিপুরাকে দেখতে তাঁর বাসায় যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই ঘটনা শুনে আমি তাঁকে দেখতে বাসায় যাই। তবে পুলিশের কোন সদস্য এমন ঘটনা ঘটিয়েছেন, তা বলতে পারছি না। প্রধানমন্ত্রীর গাড়িবহর আসার আগ মুহূর্তে নিরাপত্তার খাতিরে লোকজনকে সরিয়ে দেওয়ার সময় তাঁকে লাঞ্ছিত করা হয়েছে বলে জেনেছি। আমি তখন জিইসি মোড়ের অন্য পাশে দায়িত্ব পালন করছিলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
সানাই প্রু ত্রিপুরা বলেন, ‘যান চলাচল বন্ধ থাকায় বিকেলে আমি হেঁটে খুলশির অফিসে যাচ্ছিলাম। আরও অনেকে একসঙ্গে হাঁটছিলেন। সোয়া চারটার দিকে পেনিনসুলা হোটেল পার হওয়ার পর পুলিশের এক সদস্য এসে আমাকে ধাক্কা দেন। পুলিশের ওই সদস্য বলেন, “এখান থেকে সরে যান।” ‘সরে যাওয়ার আগেই আমাকে কিল-ঘুষি দেওয়া শুরু করেন তিনি। এতে আমি সেখানে পড়ে যাই। আমাকে এক দোকানদার টেনে দোকানে ঢুকিয়ে ফেলেন। পুলিশের ওই সদস্য সেখানে ঢুকে আবার আমাকে মাটিতে ফেলে কিল-ঘুষি এবং লাথি মারেন। এতে আমার কানের গোড়ার নিচে ফেটে যায়। আমি এখন বুকে ব্যথা অনুভব করছি।’
সানাই প্রু ত্রিপুরা বলেন, তিনি তাঁর এক চিকিৎসক বন্ধুর চেম্বারে গিয়ে চিকিৎসা নেন। তাঁর মাথার কাটা অংশে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসক পরিচয় দেওয়ার পরও আমাকে বেদমভাবে মেরেছেন ওই পুলিশ সদস্য। আমি তাঁর নামটা দেখতে পারিনি।’