চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যার মামলায় অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদীপ্ত বিশ্বাস। ফাইল ছবি

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২২ মার্চ।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর দিন ধার্য ছিল বুধবার। মামলার আসামিরা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। তাঁরা সবাই জামিনে রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মাসুদ হাসান প্রথম আলোকে বলেন, আসামিরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে আদালত আগামী ২২ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

২০১৭ সালের ৬ অক্টোবর নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাস আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাসের করা মামলায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ফেসবুকে লেখালেখির জেরে দলীয় কোন্দলের কারণে তাঁকে খুন করা হয় বলে তদন্তে উঠে আসে।

মামলার ২৪ আসামির মধ্যে রয়েছেন, নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে মাসুম। তাঁর নির্দেশে সুদীপ্তকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। তবে দিদারুল এ অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছেন।

পিবিআইয়ের অভিযোগপত্রে বলা হয়, সুদীপ্ত বিশ্বাসকে খুন করে চলে আসার সময় পাঁচটি ফাঁকা গুলি করেন নগরের লালখানবাজার এলাকার কথিত যুবলীগ কর্মী জাহেদুর রহমান জাহেদ ও ‘চশমা’ রুবেল। এ ঘটনায় গ্রেপ্তার আসামি মোক্তার হোসেন ও ফয়সাল আহমেদ জবানবন্দিতে বলেছেন, জাহেদ ও রুবেলের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। লোকজন যাতে কাছে না আসে, এ জন্য ফাঁকি গুলি ছুড়েছিলেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামিরা। কিন্তু ঘটনার চার বছর গড়ালেও সেই অস্ত্রের হদিস মেলেনি।

সুদীপ্তের বাবা মেঘনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিচারটা যেন দেখে যেতে পারি। মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।