চট্টগ্রামে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাংবাদিক নেতারা বলেছেন, যারা ইসলাম রক্ষার নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে, প্রকৃতপক্ষে তারা ইসলামকে কলঙ্কিত করছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
সাংবাদিক নেতারা বলেন, জঙ্গিরা মানবতার শত্রু। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরাই নানা নামে একত্র হয়ে জঙ্গি হামলা চালাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজও লড়াই করে যাবে। তাঁরা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে হত্যা, সন্ত্রাস চালিয়ে যেতে দেওয়া হবে না। যারা জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু কলম দিয়ে নয়, দেশের মানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সমাজ জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে থাকবে।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বিএফইউজের একাংশের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্রেসক্লাবের সহসভাপতি আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ প্রমুখ বক্তব্য দেন।