চট্টগ্রামে টিকা নিতে ভিড়

চট্টগ্রামের একটি টিকাকেন্দ্রে দেওয়া হচ্ছে করোনার টিকা। আজ শনিবার নগরের ঝাউতলায়ছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের প্রথম দিনে আজ শনিবার কেন্দ্রগুলোয় ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে করোনার টিকাকেন্দ্রগুলোয় টিকাগ্রহীতাদের দীর্ঘ সারি দেখা গেছে। কেন্দ্র ভেদে কারও টিকা পেতে সময় লেগেছে দেড় ঘণ্টা, কারও লেগেছে আধা ঘণ্টা।

চট্টগ্রাম নগরের ওয়ার্ডগুলোতে টিকা কার্যক্রম পরিচালনা করছে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সরেজমিন এসব কেন্দ্রে দেখা যায়, টিকাকেন্দ্রগুলোতে অনেকেই এসেছেন আগে নিবন্ধন করে। অনেকেই আবার হাজির হয়েছেন জাতীয় পরিচয়পত্র নিয়ে। তবে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হয়নি। তাৎক্ষণিক নিবন্ধন করেও টিকা দিতে দেখা গেছে।

নগরের বাকলিয়া এলাকার সৈয়দ শাহ রোডের আরবান স্বাস্থ্য কেয়ারকেন্দ্রে দেখা যায়, নারী-পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়ে টিকা দিচ্ছেন। শ্যামল দে নামের একজন টিকাপ্রত্যাশী বলেন, ‘নিবন্ধন করেছি আগে। এখনো এসএমএস আসেনি। তাই ওয়ার্ডে টিকা দিতে এসেছি।’

টিকাকেন্দ্রটির পাশে একটি টেবিল নিয়ে কিছু স্বেচ্ছাসেবককে নিবন্ধনে সহযোগিতা করছিলেন। ২৫ বছরের ঊর্ধ্বে যাঁরা আগে কেন্দ্রে আসছিলেন, তাঁদের টিকাদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল।

জানতে চাইলে সিটি করপোরেশনের স্বাস্থ্য–সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, নির্বিঘ্নে টিকাদান চলছে। কোথাও কোনো সমস্যা নেই। অনেক জায়গায় বেলা একটা থেকে দুইটার মধ্যে ৯০০ জনের টিকাদান শেষ হয়েছে।

দেশব্যাপী করোনার টিকাদান সম্প্রসারিত আকারে শুরু হয়েছে আজ। ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো এই টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে টিকা দেওয়ার মধ্য দিয়ে ছয় দিনের বিশেষ কর্মসূচি শেষ হবে বৃহস্পতিবার। পাশাপাশি করোনা টিকার অন্য কেন্দ্রগুলোতে আগের মতোই টিকাদান চলতে থাকবে।