চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একটি মোটরসাইকেলের গ্যারেজ পরিচালনা করতেন। নিজেও ভালো মোটরসাইকেল চালাতেন। কিন্তু তিনি মারা গেলেন ট্রাকচাপায়।

মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা ফেরার পথে তিনি নিহত হন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকের সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম এস এম খোরশেদুল আলম (৪২)। তিনি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ওয়াদ্দারপাড়ার মো. আবু হেনার ছেলে। দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী মো. জয়নাল।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে খোরশেদ ও জয়নাল চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে করে আনোয়ারায় ফিরছিলেন। কর্ণফুলীর এস আর স্কয়ারের সামনে পৌঁছলে সামনে থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ লেগে সড়কে ছিটকে পড়েন খোরশেদ। ওই সময় পেছন থেকে আসা একটি ট্রাক খোরশেদকে পিষে দিলে নাড়িভুঁড়ি বের হয়ে নিহত হন তিনি। ওই সময় আহত হন আরেক আরোহী জয়নাল।

নিহত খোরশেদ দীর্ঘদিন ধরে রাডার অফিসের সামনে মোটরসাইকেল গ্যারেজ করছিলেন। শনিবার গ্যারেজের জন্য মালামাল আনতে চট্টগ্রাম শহরে গেলে ফেরার পথে তিনি নিহত হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।